সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলা : মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আপিল না করলে ফাঁসি কার্যকরে বাধা নেই

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান মুন্সিসহ তিন জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপক্ষ বলেছে, এর ফলে আপিল না করলে ওই তিন জঙ্গির ফাঁসি কার্যকরে কোনো বাধা নেই।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১১ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করেছিলেন। গতকাল বৃহস্পতিবার দুই বিচারপতির সই করা ১৬৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি কার্যকর করতে কোনো বাধা থাকল না। তবে আসামিরা যদি সর্বোচ্চ আদালতে আপিল করেন, তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তিন আসামিই কারাগারে আছেন।
মুফতি হান্নান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) শীর্ষস্থানীয় নেতা। ফাঁসির আদেশ পাওয়া অপর দুই আসামি হলেন হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম (বিপুল) ও দেলোয়ার হোসেন (রিপন)। মামলার অপর দুই আসামি মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান (অভি) এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ দুজনও কারাগারে আছেন।
গতকাল প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, ফৌজদারি ষড়যন্ত্রের বিচারের ক্ষেত্রে মূল ষড়যন্ত্রকারীর পাশাপাশি সহ-ষড়যন্ত্রকারীরাও সমানভাবে দোষী। এ ছাড়া এই মামলায় ফৌজদারি ষড়যন্ত্রের কথা স্বীকার করে মুফতি হান্নান ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আছে এমন অন্য মামলায়ও তা গ্রহণযোগ্য হবে।
মুফতি হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় বাংলাদেশে উগ্র জঙ্গিবাদ ও নাশকতা বিস্তৃত হয়েছে। ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলের কাছে বোমা পুঁতে রাখার ঘটনায় প্রথমবারের মতো তিনি আলোচনায় আসেন। ২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা কিংবা ২০০৫ সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার মতো উল্লেখযোগ্য ঘটনার অন্যতম সংগঠক ও পরিকল্পনাকারী ছিলেন এই মুফতি হান্নান। তাঁরই পরিকল্পনায় ২০০৪ সালের ২১ মে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। সেদিন আনোয়ার চৌধুরী সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাঁকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়।
ওই হামলায় তিনজন নিহত হন। আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন আহত হন। ওই ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
নিম্ন আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে যায়। এ ছাড়া আসামিরা আলাদা আপিল করেন। চলতি বছরের ৬ জানুয়ারি হাইকোর্টে এই ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয়। ৩ ফেব্রুয়ারি শুনানি শেষে ১১ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন হাইকোর্ট।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের একই বেঞ্চে রমনা বটমূলে হামলার মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানির অপেক্ষায় আছে। ৫ মে ওই শুনানি শুরু হতে পারে। ওই মামলারও প্রধান আসামি মুফতি হান্নান।