সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তির পর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। তিনি গতকাল বুধবার কমিশনে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
১ আগস্ট হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করেন। হাইকোর্ট এ বিষয়ে জামায়াতকে সরাসরি আপিল করার সনদ দিয়েছেন। চূড়ান্ত রায় প্রকাশের পর জামায়াত এ বিষয়ে আপিল করবে বলে জানা গেছে। আদালত ৫ আগস্ট হাইকোর্টের রায়ের ওপর জামায়াতের করা স্থগিতাদেশের আবেদন খারিজ করেছেন। জাবেদ আলী বলেন, হাইকোর্টের রায়ের আলোকে জামায়াতের নিবন্ধন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তবে কমিশন ক্ষমতার অপব্যবহার করতে চায় না, করলে বিতর্ক হবে। সে জন্যই কমিশন আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে। তিনি জানান, আপিল বিভাগ যদি জামায়াতে নিবন্ধন অবৈধ ঘোষণা করে, সে ক্ষেত্রে তারা নতুন করে আবেদন করে অথবা যে যে কারণে তাদের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করা হবে, সেসব শর্ত নতুন করে পূরণ করে নিবন্ধন টিকিয়ে রাখতে পারবে।
মন্ত্রণালয়ের অনুরোধে রাজশাহীর নওহাটা, গাজীপুরের শ্রীপুর ও বগুড়ায় দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন স্থগিত করা প্রসঙ্গে জাবেদ আলী বলেন, বিষয়টি কমিশনের জন্য বিব্রতকর। মন্ত্রণালয়ের আপত্তি তফসিল ঘোষণার আগে জানানো উচিত ছিল।
গত ৩১ জুলাই কমিশন এসব পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ৮ সেপ্টেম্বর এসব পৌরসভায় ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।