আপিল পরিচালনায় রাষ্ট্রপক্ষে নিয়োগ পেলেন আমিরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমিরুল ইসলামকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন সলিসিটর কার্যালয় থেকে এ নিয়োগ আদেশ জারি করা হয়েছে বলে গতকাল বুধবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।নিয়োগ-সংক্রান্ত আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব আপিল মামলায় রাষ্ট্রপক্ষ থেকে পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী আমিরুল ইসলামকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় (আর্থিক সুযোগ-সুবিধা ব্যতিরেকে) আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হলো।সলিসিটর মো. আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় অবসরপ্রাপ্ত বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ আমিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে সৈয়দ আমিরুল ইসলাম বলেন, ‘নিয়োগসংক্রান্ত চিঠি পেয়েছি।’মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ ইতিমধ্যে তিনটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যথাক্রমে ৩ ও ৪ মার্চ আপিল করেছে। ১০ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ৩১ মার্চ আপিল শুনানির দিন ধার্য করেছেন।