
মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য উচ্চ আদালতের আপিল বিভাগে আলাদা বেঞ্চ গঠনের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল শনিবার ‘জাগরণযাত্রা’র প্রথম পর্যায়ের শেষ দিনে এ দাবি জানানো হয়।
জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করা, মানবতাবিরোধী অপরাধে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিত, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে গত শুক্রবার শুরু হওয়া জাগরণযাত্রা কর্মসূচির প্রথম পর্যায়ের শেষ দিন ছিল গতকাল। এদিন একাধিক পথসভা ও সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আপিলের কথা বলে সময়ক্ষেপণ যাতে না হয়, সে জন্য আপিল বিভাগে যুদ্ধাপরাধীদের বিচারে আলাদা বেঞ্চ গঠন করতে হবে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহীর আলুপট্টি মোড়ে এ কর্মসূচির শেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের উদ্দেশে ইমরান বলেন, ‘কালক্ষেপণ করে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া দীর্ঘায়িত করবেন না। বিচারের জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। এখন আর অপেক্ষার সময় নেই। এখন সময় মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাওয়ার।’
মুখপাত্র প্রশ্ন রাখেন, ‘আপনারা কি যুদ্ধাপরাধীদের বিচার আজীবন ঝুলিয়ে রাখবেন? একবার বিচারকাজ ঝুলিয়ে রাখবেন, একবার রায় লেখার জন্য ঝুলিয়ে রাখবেন, আর একবার আপিলের জন্য ঝুলিয়ে রাখবেন, তা হবে না।’
ভাষাসৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সদস্য সিদ্দিক মোল্লা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আকতার, রাজশাহীর কবি ও প্রাবন্ধিক রুহুল আমিন প্রামাণিক, কলাম লেখক প্রশান্ত সাহা প্রমুখ।
আগের দিন রাতে কুষ্টিয়ায় রাতযাপন শেষে গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। সেখান থেকে একটি মিছিল করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া ছাড়ে জাগরণযাত্রার বহর।
দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদীতে এসে পৌঁছায় তারা। ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সামনে ‘জাগো ঈশ্বরদীবাসী জাগো’-এর ব্যানারে নানা শ্রেণি-পেশার লোকজন গণজাগরণ মঞ্চের সংগঠক-কর্মীদের ফুল ছিটিয়ে ও করতালি দিয়ে অভ্যর্থনা জানান। এখান থেকে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে জাগরণযাত্রায় অংশ নেওয়া সংগঠক-কর্মী-সমর্থকেরা মিছিল করে মাহাবুব আহম্মেদ খান স্মৃতি মঞ্চ চত্বরে যান। সেখানে একটি সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের ঈশ্বরদী উপজেলা আহ্বায়ক আবদুর রাজ্জাক।
জাগরণযাত্রাটি রাজশাহী পৌঁছানোর আগে বিকেল সাড়ে চারটার দিকে পুঠিয়া উপজেলায় একটি পথসভা করে। মঞ্চের সংগঠক মারুফ রসূল প্রথম আলোকে রাতে জানান, তাঁরা ঢাকার ফিরতি পথে রয়েছেন। মীর কাসেমের ফাঁসির দাবিতে রায় হওয়ার আগ পর্যন্ত আজ সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।
{প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি}