আপিল বিভাগে নতুন তিন বিচারপতি, আজ শপথ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ সোমবার তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গতকাল রোববার হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। তাঁরা হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়টি জানিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করে।
পরে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, সোমবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নবনিযুক্ত বিচারপতিদের শপথ পাঠ করাবেন।
নতুন তিনজন বিচারপতি নিয়োগ হওয়ায় আপিল বিভাগের সদস্যসংখ্যা দাঁড়াবে নয়জনে। সংবিধান অনুসারে আপিল বিভাগে সর্বোচ্চ ১১ জন সদস্য থাকতে পারেন।