আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ বজলুর রহমান
মোহাম্মদ বজলুর রহমান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আইনমন্ত্রী আনিসুল হক পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, আজ সোমবার সকালে তাঁর মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হবে। সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হবে। এরপর চাঁপাইনাবগঞ্জে বিচারপতির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
১৯৫৫ সালের ১২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন বিচারপতি বজলুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। গত বছরের ৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি বজলুর রহমান।