সংবাদপত্র ও প্রেসের কর্মীদের আয়কর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে পরিশোধ করতে হবে।
এ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন
আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯১ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য চতুর্থ ওয়েজ বোর্ড ঘোষণা করা হয়েছিল। এতে বলা ছিল, সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী এবং প্রেসের কর্মীদের বেতনের ওপর আদায়কৃত আয়কর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে দিতে হবে।
এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ওই সময় সংবাদ, ইনকিলাব, আজাদসহ কয়েকটি সংবাদপত্রের কর্তৃপক্ষ হাইকোর্টে রিট আবেদন করে। ১৯৯৭ সালে হাইকোর্টের রায়ে আয়কর পরিশোধে ওয়েজ বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়।
এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করে। ২০০৩ সালে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। এরপর রাষ্ট্রপক্ষ আপিল করে। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে আপিল শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে আদালত রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে রায় দেন।
বর্তমানে সংবাদকর্মীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড কার্যকর রয়েছে। এই ওয়েজ বোর্ড অনুসারেও সংবাদকর্মীদের আয়কর পরিশোধের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।