আপিল বিভাগের রায় মানায় হাইকোর্টের বাধ্যবাধকতা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বলেছেন, আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তা মানায় বাধ্যবাধকতা আছে। জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দানের কারণে আসন শূন্য হওয়াসংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানিকালে গতকাল আদালত এ কথা বলেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত রিট শুনানির জন্য ওঠে। আদালত অবকাশ শেষে এক সপ্তাহ পর শুনানির জন্য পরবর্তী দিন রেখেছেন। ২৭ আগস্ট থেকে অবকাশ শুরু হচ্ছে, অবকাশ শেষে ৩ অক্টোবর নিয়মিত আদালত বসবে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৭ এপ্রিল রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত সোমবার রিট আবেদনকারী সম্পূরক আবেদন করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আদালত বলেন, ‘আপিল বিভাগ যে মত (ফাইন্ডিংস) দিয়েছেন, আমরা দেখেছি। আপিল বিভাগ যা দিয়েছেন, তা মানায় আমাদের বাধ্যবাধকতা আছে।’