আপিল বিভাগে বিচারক নিয়োগের দাবি আইনজীবী সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপ্রার্থীদের স্বার্থে আপিল বিভাগে থাকা অপেক্ষমাণ বিপুলসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অবিলম্বে আপিল বিভাগের শূন্য পদে বিচারক নিয়োগের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ রোববার দুপুরে সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ দাবি জানান।

খন্দকার মাহবুব হোসেন বলেন, বর্তমানে আপিল বিভাগে ১৫ হাজার ও হাইকোর্ট বিভাগে তিন লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আপিল বিভাগ থেকে তিনজন বিচারক অবসরে যাওয়ায় ওই পদগুলো শূন্য আছে। আপিল বিভাগে মোট ১১ জন বিচারপতি কর্মরত থাকলে তিনটি বেঞ্চ করে সেগুলোতে অপেক্ষায় থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হতে পারে।

আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সরকার আপিল বিভাগের শূন্য পদে বিচারপতি নিয়োগে ইচ্ছুক নয় বলে সংবাদপত্রে প্রতিবেদন  প্রকাশিত হয়েছে। 

ওই প্রতিবেদনের বরাত দিয়ে খন্দকার মাহবুব বলেন, আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিল অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে এবং আপিল শুনতে দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। ফলে আপিল বিভাগে অন্য মামলা নিষ্পত্তিতে বাধার সৃষ্টি হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘সরকারের কী কারণে আপিল বিভাগের শূন্য পদে বিচারক নিয়োগে অনীহা, তা আমাদের বোধগম্য নয়। অনেকের মতে, হাইকোর্ট বিভাগে দক্ষ ও যোগ্য জ্যেষ্ঠ বিচারপতি রয়েছেন। তাঁরা স্বাভাবিকভাবে আপিল বিভাগে নিয়োগ পাওয়ার যোগ্য।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বিশেষ উদ্দেশ্যে সরকার আপিল বিভাগে নিয়োগ বন্ধ রেখে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিদের অবসরের অপেক্ষায় রয়েছে; যাতে পরবর্তী সময়ে সরকারের পছন্দমতো অপেক্ষাকৃত হাইকোর্ট বিভাগে নবীন বিচারকদের সেখানে নিয়োগ দিতে পারে। আমরা এর প্রতিবাদ করছি।’

সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সাবেক সহসভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান ও সাবেক সম্পাদক বদরুদ্দোজা উপস্থিত ছিলেন।