একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয়জন বিচারপতির বেঞ্চ গতকাল রোববার ষষ্ঠ দিনের মতো আপিলের শুনানি গ্রহণ করেন। আজ সোমবার আবার শুনানি হওয়ার কথা।গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের মোল্লার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আবদুর রাজ্জাক। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ৭ নম্বর সাক্ষী আবদুল মজিদ পালোয়ান, ৮ নম্বর সাক্ষী নূরজাহানসহ কয়েকজনের সাক্ষ্য ও ট্রাইব্যুনালের রায়ের অংশবিশেষ তুলে ধরেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। ওই পাঁচ অভিযোগে দেওয়া সাজা অপর্যাপ্ত দাবি করে এবং খালাসের আদেশ বাতিল চেয়ে ৩ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে। আপিলে সর্বোচ্চ দণ্ডের আরজি জানানো হয়। পরদিন কাদের মোল্লা কারাদণ্ডাদেশ বাতিল করে খালাসের আরজি জানিয়ে আপিল করেন। রাষ্ট্রপক্ষের আপিলের ওপর ১ এপ্রিল থেকে শুনানি গ্রহণ শুরু হয়।