একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ৩২তম দিনের মতো আপিলের শুনানি নেন।
আইনজীবী এস এম শাহজাহান গতকাল সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্দশ অভিযোগের ওপর যুক্তি খণ্ডন করে বক্তব্য দেন। ১১টার দিকে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে শাহজাহান শুনানি মুলতবি চান। পরে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।