ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি চলছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ বুধবারও শুনানি হওয়ার কথা। গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক শুনানিতে তিন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন শেষে আরেক সাক্ষী কর্নেল সাফায়েত জামিলের জবানবন্দি উপস্থাপন শুরু করেন। আপিল বিভাগ ১৫ জানুয়ারি শুনানি নিয়ে ২২ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। আগের যে তিন সাক্ষীর জবানবন্দি উপস্থাপিত হয় তাঁরা হলেন আব্দুস সামাদ আজাদ, সাবেক সচিব খন্দকার আসাদুজ্জামান ও তৎকালীন পুলিশ সুপার মাহাবুবউদ্দিন আহমেদ। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে নিয়োজিত আইনজীবী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। সাক্ষীদের জবানবন্দি তুলে ধরে আনিসুল হক বলেন, ‘১৯৭৫ সালের ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। জাতীয় চার নেতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করতে পারেন, সে জন্য তাঁদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছিল।’ আপিলের অনুমতি পাওয়ার প্রায় দুই বছরের মাথায় গত ১৫ জানুয়ারি আপিলের ওপর শুনানি শুরু হয়। ওই দিন রাষ্ট্রপক্ষের ৬৪ জন সাক্ষীর মধ্যে সাতজনের জবানবন্দি তুলে ধরা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর রাতে হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী তাঁর চার ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। ২০০৪ সালের ২০ অক্টোবর ঘোষিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেয়। মোসলেহ উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল থাকে। চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান এবং আটজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।