সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় এক আসামিকে খালাস ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির জন্য ১৫ মার্চ তালিকায় আসবে। একই সঙ্গে হাইকোর্টে মৃত্যুদণ্ডাদেশ বহালের বিরুদ্ধে এক আসামির করা আপিলও শুনানির জন্য থাকবে।
গতকাল বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড মো. খবির উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন। পরে খবির উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, এক আসামিকে খালাস ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তিনটি আপিল করে। মৃত্যুদণ্ড বহাল থাকা সাইফুল খালাস চেয়ে ২০১৪ সালে একটি আপিল করেন। এটি গতকাল কার্যতালিকায় ছিল না। বিষয়টি আদালতকে অবহিত করা হয়। এসব আপিলের ওপর ১৫ মার্চ শুনানির জন্য আদালত দিন ধার্য করেছেন।
আইনজীবী সূত্র বলেছে, তিন বছর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করার অনুমতি পায়। ২০১৪ সালের ২৩ জুলাই আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন।