আপিলে ঢাকা দক্ষিণের এক মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ
আপিল শুনানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় আজ শনিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানি হয়।
শুনানি শেষে রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, তাঁর মনোনয়নপত্রে ভোটার নম্বরের জায়গায় জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া হয়েছিল। এ কারণে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। আপিল শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই বিজয়ের অনুভূতি। তিনি জানান, তিনি সম্মিলিত নাগরিক কমিটি থেকে নির্বাচন করছেন।
সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মালেকের মনোনয়নপত্রও বৈধ হয়।
শুনানি করছেন ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান। তিনি জানান, আজ ২২ জনের শুনানি হবে।
কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত সাতজন কাউন্সিলর প্রার্থীর আপিলের শুনানি হয়েছে। তাঁদের প্রায় সবারই মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। এমনই একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ১৩ আসনের কাউন্সিলর প্রার্থী মতিয়া বেগমের ভাষ্য, তাঁর প্রস্তাবকারী ছিলেন স্বামী মোহাম্মদ আলী। কিন্তু স্বামী মোহাম্মদ আলী পাশের ওয়ার্ডের ভোটার হওয়ায় তাঁর (মতিয়া বেগম) মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি নিজেকে আওয়ামী লীগ সমর্থক বলে দাবি করেন।
আরেক প্রার্থী দক্ষিণ সিটি করপোরেশনের মুগদা এলাকার সেলিনা আক্তারের ভাষ্য, তিনি পে অর্ডারে ভুল করে রিটার্নিং কর্মকর্তার বদলে সিনিয়র নির্বাচন কর্মকর্তা লিখেছিলেন। তিনি বলেন, ‘এটা সংশোধন করে নতুন করে পে অর্ডার জমা দিয়ে আপিল করেছি। এর পরও আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’ নিজেকে তিনি বিএনপির সমর্থক বলে দাবি করেন।
আজ বিকেলে মনোনয়নপত্র বাতিল করা মেয়র প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ ওরফে পিন্টু এবং উত্তরের মেয়র পদপ্রার্থী আবদুল আউয়াল মিন্টুর বিষয়ে আপিলের শুনানি হবে। তাঁরা দুজনই বিএনপির নেতা। দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য মনোনয়নপত্র দিয়েছিলেন।
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত মোট ১০৭ জন প্রার্থী আপিল করেছেন। এর মধ্যে দক্ষিণে ৩ জন মেয়র প্রার্থী ও ৭২ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। উত্তরে দুজন মেয়র প্রার্থী ও ৩০ জন কাউন্সিলর প্রার্থী আপিল করেছেন।