আপিলে প্রার্থিতা পেলেন জাপার মেয়র পদপ্রার্থী
হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্রের বৈধতা পেলেন কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র পদপ্রার্থী মোকলেছুর রহমান। ফলে গত বুধবার রাতে তাঁকে প্রতীকও বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা হলফনামায় স্বাক্ষর না থাকায় মোকলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেন। পরে তিনি ওই আদেশের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন। একই কারণ দেখিয়ে ১০ ডিসেম্বর আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এরপর তিনি উচ্চ আদালতে রিট করেন। গত মঙ্গলবার উচ্চ আদালত তাঁর মনোনয়নপত্র বহাল রাখেন।
জাতীয় পার্টির প্রার্থী বলেন, ‘প্রার্থিতা নিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছি।’
কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ নূরুল ইসলাম বলেন, কুমিল্লা দক্ষিণের তিন পৌরসভার মধ্যে লাকসাম ও বরুড়ায় দলীয় মেয়র প্রার্থী আছেন। চৌদ্দগ্রামে প্রার্থী নেই। লাকসামের প্রার্থী রিট করে তাঁর অধিকার ফিরে পেয়েছেন।
এ পৌরসভায় আরও তিন মেয়র পদপ্রার্থী হলেন আওয়ামী লীগের আবুল খায়ের, বিএনপির শাহনাজ আক্তার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর মোহাম্মদ।