আপিলে প্রার্থিতা পেলেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী নজরুল ইসলাম। তিনি আড়ানী পৌরসভার বর্তমান মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক।
গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে প্রার্থিতা বাতিল হয় নজরুলের। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নিজের স্বাক্ষর না থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি নিয়ে তিনি আপিল করলে আপিলের শুনানি শেষে তাঁর প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের অনেকগুলো আপিল আবেদন আমরা পেয়েছি। আজ সোমবার (গতকাল) একজনের শুনানি অনুষ্ঠিত হয়। তাঁর মনোনয়ন পুনর্বহাল করা হয়েছে।’
আড়ানী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন। শনিবার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিনের মনোনয়ন বাতিল হয়।