নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী শরিফুল হক ও কাউন্সিলর প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে স্থগিত করেছেন হাইকোর্ট।
গত রোববার ওই দুই প্রার্থী এ ব্যাপারে পৃথক দুটি রিট আবেদন করলে হাইকোর্ট রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্ত গতকাল সোমবার এ আদেশের মাধ্যমে স্থগিত করেন।
হলফনামায় স্বাক্ষর না থাকায় মেয়র প্রার্থী শরিফুল হকের ও হলফনামার সঙ্গে ঠিকাদারি লাইসেন্স জমা না দেওয়ায় কাউন্সিলর প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
তাঁরা উভয়েই ৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ বরাবর আপিল করেন। তিনি আপিল নামঞ্জুর করেন। সর্বশেষ গত রোববার ওই দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার ও আপিল কর্তৃপক্ষের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিট (১৩১৪৭/১৫) আবেদন করেন। হাইকোর্ট শুনানি শেষে ৬ ডিসেম্বরের রিটার্নিং কর্মকর্তার আদেশ ও ৮ ডিসেম্বরের আপিল কর্তৃপক্ষের আদেশ স্থগিত করেন। ফলে ওই দুই প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না বলে তাঁদের আইনজীবী জানিয়েছেন।
দুই প্রার্থীর আইনজীবী সুব্রত সাহা জানান, দুই প্রার্থীর জন্যই পৃথক রিট আবেদন করা হয়। পরে আদালত ৬ ডিসেম্বরের রিটার্নিং কর্মকর্তার আদেশ ও ৮ ডিসেম্বরের আপিল কর্তৃপক্ষের আদেশ স্থগিত করেন। ফলে তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন।