আপিলে মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করে তা ফিরে পেয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থী হলেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বাদশা। তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এর আগে ৬ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা খাতুন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ চন্দ্র রায় বলেন, মনোনয়নপত্র দাখিল করার সময় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ১০০ জন ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা দিতে হয়। নির্বাচন কমিশনার ঢাকা ওই তালিকা থেকে পাঁচজন ভোটারকে নির্বাচিত করে তা যাচাই-বাছাই কমিটিতে দেন। রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও যাচাই-বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একজন ভোটারকে না পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। পরে স্বতন্ত্র প্রার্থী আপিল করেন। আপিলের সময় পাঁচজন ভোটারকে হাজির করায় জেলা প্রশাসক তাঁর মনোনয়নপত্র বৈধ করেন। ফলে কাহালু পৌর নির্বাচনে এবার তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।