আপিলে মিন্টুপুত্র তাবিথের মনোনয়নপত্র বৈধ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধ হয়েছে। তাঁর বিরুদ্ধে সোনালী ব্যাংক ঋণ খেলাপের অভিযোগ করেছিল। আজ মঙ্গলবার রাতে আপিল কর্তৃপক্ষ ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান ওই আবেদন খারিজ করে মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন।
তাবিথ আউয়াল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ছেলে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও সোনালী ব্যাংকের শিল্পভবন শাখা সূত্রে জানা যায়, তাবিথ আউয়াল কে অ্যান্ড কিউ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এই কোম্পানি সোনালী ব্যাংকের ওই শাখা থেকে দুই কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকা ঋণ নিয়েছিল। কিন্তু গত ২ এপ্রিল এই টাকা কোম্পানি পরিশোধও করে। গত ১ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। কিন্তু সোনালী ব্যাংকের পক্ষ থেকে আপিল করে বলা হয়, মনোনয়নপত্র বৈধ হওয়ার সময় তিনি ঋণখেলাপি ছিলেন। এ জন্য তারা আপিল করেছে।
এ নিয়ে আজ সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। তাবিথ আউয়াল পরিবারের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। শুনানিতে সোনালী ব্যাংকের আইনজীবী বলেন, ১ এপ্রিল পর্যন্তও তাবিথ আউয়াল ঋণখেলাপি ছিলেন। এজন্য তাঁরা ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিলের আপিল করেছেন। তবে ওই আইনজীবী জানান, এখন আর তিনি ঋণখেলাপি নন।
এ পর্যায়ে তাবিথ আউয়ালের আইনজীবী বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের তিন দিনের মধ্যে আপিল করতে হয়। সেই অনুযায়ী ৩ এপ্রিল সেই সময় শেষ হয়েছে। কিন্তু সোনালী ব্যাংক আপিল করেছে ৪ এপ্রিল। তাই আপিল আইনে গ্রহণযোগ্য নয়।
এ সময় বিভাগীয় কমিশনার নির্বাচন কমিশন প্রতিনিধির বক্তব্য জানতে চাইলে প্রতিনিধি জানান, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী বাছাইয়ের সময় তিনি ঋণখেলাপি ছিলেন না। এ পর্যায়ে মাহবুবউদ্দিন আবার বলেন, ব্যাংক টাকা পেয়ে থাকলে কেন আপিল করল? আসলে কেউ এটা করিয়েছে। এ পর্যায়ে তাবিথ আউয়ালের আরেক আইনজীবী বিএনপি নেতা মওদুদ বলেন, তাবিথ ঋণগ্রহীতা কিন্তু ঋণ খেলাপি নন।
উভয় পক্ষের শুনানি শেষে বিভাগীয় কমিশন জিল্লার রহমান রায় দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আইন ও সিআইবির তথ্য অনুযায়ী তাঁর (তাবিথ) ঋণখেলাপি হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল বৈধই থাকলেন।