আপিলে মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিলের মামলায় গতকাল সোমবার যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ। আজ মঙ্গলবার আবার তাঁরা যুক্তি উপস্থাপন করবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী এস এম শাহজাহান। তাঁকে সহায়তা করেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে যুক্তি উপস্থাপন অবস্থায় এ মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করেন আদালত।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ১১ আগস্ট আপিল করে মুজাহিদ খালাস চান। গত ২৯ এপ্রিল থেকে এ আপিলের শুনানি শুরু হয়। শুনানির প্রথম ছয় দিনে মামলার পেপারবুক ও ট্রাইব্যুনালের রায় উপস্থাপন করে আসামিপক্ষ।
মুজাহিদের বিরুদ্ধে সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। তৃতীয় অভিযোগে (ফরিদপুরের রণজিৎ নাথকে আটক রেখে নির্যাতন) তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও পঞ্চম অভিযোগে (নাখালপাড়া সেনাক্যাম্পে আলতাফ মাহমুদ, রুমী, বদি, আজাদ, জুয়েল হত্যাকাণ্ড) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ষষ্ঠ (বুদ্ধিজীবী হত্যাকাণ্ড) ও সপ্তম অভিযোগে (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মুজাহিদকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগের সঙ্গে প্রথম অভিযোগ (সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যা) একীভূত করায় এতে আলাদা করে শাস্তি ঘোষণা করা হয়নি।