আপিলে রায় অক্ষুণ্ন থাকার আশা গণজাগরণ মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির আদেশ হওয়ায় গণজাগরণ মঞ্চ গতকাল শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল করে l ছবি: প্রথম আলো
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির আদেশ হওয়ায় গণজাগরণ মঞ্চ গতকাল শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল করে l ছবি: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। তবে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার রায় কার্যকরে ‘আশঙ্কার’ কথা জানানোর পাশাপাশি আপিল বিভাগে এ রায় অক্ষুণ্ন থাকবে এমন প্রত্যাশাও করেছেন।
জামায়াতের ডাকা হরতাল প্রতিরোধ ও মীর কাসেমের রায়কে কেন্দ্র করে গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের দুটি অংশ। জাতীয় জাদুঘরের প্রধান ফটকের উত্তর পাশে কামাল পাশা চৌধুরী ও দক্ষিণ পাশে ইমরান এইচ সরকারের নেতৃত্বে অবস্থান নেন উভয় অংশের কর্মী-সংগঠকেরা। এঁদের মাঝে জাসদ ছাত্রলীগের একটি ব্যানারে কয়েকজন দাঁড়িয়েছিল।
এ সময় উভয় অংশ থেকেই মীর কাসেমের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে ফাঁসির রায় ঘোষণার খবর শাহবাগে পৌঁছালে উল্লাস প্রকাশ করেন তাঁরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত আশঙ্কা থাকবে। তবে আপিল বিভাগে এ রায় অক্ষুণ্ন থাকবে বলে প্রত্যাশা করি।’ তিনি বলেন, সরকার ও জামায়াতের মধ্যে আঁতাত হয়েছে কি না, তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা কাজ করছিল। কিন্তু এ রায়ে জনগণের আশঙ্কা দূর হয়েছে।
পরে রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগে ফিরে আসে। একই সময়ে কামাল পাশা সমর্থক অংশটিও আনন্দ মিছিল করে। আবার চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে একটি বিক্ষোভ মিছিল হয়।
রায়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মিছিলটি মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ থানার সামনে এসে শেষ হয়।
গণজাগরণ মঞ্চ শাহবাগে আজ সোমবার সকাল আটটায় শুরু করে কামারুজ্জামানের চূড়ান্ত রায় ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে।