আপিলেও টিকলেন না আলতাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে আপিল করেছিলেন বর্তমান মেয়র আওয়ামী লীগের নেতা আলতাফ হোসেন বিশ্বাস। গতকাল মঙ্গলবার শুনানি শেষে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম তাঁর আবেদন নাকচ করে দেন।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলতাফ হোসেনের আইনজীবী গোলাম মোস্তফা গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে পুনরায় আপিল করব। সেখানেও নাকচ হলে উচ্চ আদালতে যাব।’
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে বেতাগী পৌরসভায় মেয়র পদে আলতাফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। তবে ২ ডিসেম্বর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত আরেক চিঠিতে আলতাফ হোসেনের মনোনয়ন বাতিল করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু আলতাফ হোসেন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। একই দিন এ বি এম গোলাম কবিরও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ জন্য বেতাগীর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন ৫ ডিসেম্বর বর্তমান মেয়র আলতাফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন। গত রোববার রিটার্নিং কর্মকর্তার আদেশ চ্যালেঞ্জ করে আলতাফ হোসেন বিশ্বাস জেলা প্রশাসকের কাছে আপিল করেন।
আলতাফ হোসেন বিশ্বাস গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘জনমত যাচাই করে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে মেয়র পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। কিন্তু সভানেত্রীকে ভুল বুঝিয়ে এই মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। ২ ডিসেম্বর দুপুরে মনোনয়নপত্র পরিবর্তনের সেই চিঠি স্থানীয় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় সাংসদ হেলিকপ্টারে করে এখানে নিয়ে আসেন। এটা গভীর চক্রান্তের ফল।’ তিনি বলেন, তাঁর প্রার্থিতা অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। এ জন্য তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
৩ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র পরিবর্তনের চিঠি ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেতাগীতে নিয়ে যান এলাকার সাংসদ শওকত হাচানুর রহমান ওরফে রিমন। এ নিয়ে ৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘বিদ্রোহের পর প্রার্থী বদল, হেলিকপ্টারে করে মনোনয়নপত্র’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এর পরদিন নির্বাচন কমিশন সাংসদকে কারণ দর্শানোর নোটিশ দেয়।