আপিলেও বাতিল স্বতন্ত্র জামায়াত নেতার প্রার্থিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় পৌরসভার মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবদুল খালেকের মনোনয়নপত্র আপিলও বাতিল ঘোষিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আপিলের শুনানি শেষে জেলা প্রশাসক তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তবে আপিলের পর সংরক্ষিত আসনের একজনসহ পাঁচ কাউন্সিলরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সমর্থন সূচক (স্বতন্ত্র প্রার্থীদের জন্য পৌর এলাকায় বসবাসকারী ১০০ সমর্থক ব্যক্তির স্বাক্ষরসংবলিত কাগজ) কাগজে প্রার্থীর স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমির আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুল আলম। পরে তিনি তাঁর প্রার্থিতা বহাল রাখতে জেলা প্রশাসকের কাছে আপিল করেন।
জামায়াত নেতা আবদুল খালেক মুঠোফোনে বলেন, ‘সমর্থন সূচকে প্রার্থীর স্বাক্ষর না থাকাটা বিরাট কোনো ভুল না। তারপরও আপিলে প্রার্থিতা বাতিল হওয়ায় এখন তো আর হাইকোর্টে যাওয়া ছাড়া উপায় নেই। আদেশের কপি পেলেই হাইকোর্টে মামলা করব।’
মেয়র পদে আওয়ামী লীগের জাকিয়া খাতুন, বিএনপির তৌহিদুল ইসলাম (বর্তমান মেয়র), জাসদের আবদুল মজিদ এবং স্বতন্ত্র হিসেবে জামায়াতের আবদুল খালেক মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরটিসহ তিন সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তবে আপিল শুনানিতে সংরক্ষিত আসনসহ অন্য কাউন্সিলরদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন জেলা প্রশাসক।