আপিলেও মিন্টু-পিন্টুর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতা আবদুল আউয়াল মিন্টু এবং ঢাকা দক্ষিণে কারাবন্দী বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিল শুনানিতেও বহাল থাকল।
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে এই রায় দেন বিভাগীয় কমিশনার জিল্লার রহমান।
গতকাল সারা দিনই রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন বাতিল করা প্রার্থীদের শুনানি হয়। গতকাল মোট ২৩ জনের শুনানি হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও পাঁচজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। বাকিদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্তই বহাল থাকে।
শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সব ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি মেনে করা হয়েছে। কার ক্ষেত্রে কী সিদ্ধান্ত হয়েছে, তা আদেশেই বলা হয়েছে।
তবে মিন্টু ও পিন্টুর আইনজীবীরা এই রায়ে সংক্ষুব্ধ হয়েছেন। মিন্টুর আইনজীবী বিএনপির নেতা মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তাঁরা আপিলে ন্যায়বিচার পাননি। এতে দেশবাসী হতাশ হয়েছে। রায়ের পর তিনি সাংবাদিকদের জানান, তাঁরা এখন এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। এ বিষয়ে আইনি লড়াই চালাবেন। তিনি দাবি করেন, সরকারি দলের প্রার্থী হলে হয়তো এমন হতো না।
অন্যদিকে পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম বলেন, তাঁরা এই রায়ে ক্ষুব্ধ। আগে এ রকমভাবে সাজাপ্রাপ্ত হয়েও আপিল করায় কয়েকজন নির্বাচন করার উদাহরণ তুলে তিনি বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি। এখন পিন্টুর সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গতকাল ২৩ জন প্রার্থীর শুনানি হলেও মূলত সবার দৃষ্টি ছিল আবদুল আউয়াল মিন্টু ও পিন্টুর মনোনয়ন বৈধ বা অবৈধ হয় কি না তা নিয়ে।
এর মধ্যে মিন্টুর পক্ষে বিএনপির কয়েকজন নামকরা আইনজীবী নেতা আপিলে অংশ নেন। বিকেল চারটা থেকে পাঁচটা ৪০ মিনিট পর্যন্ত তাঁরা মিন্টুর জন্য লড়েন। শুনানিতে মিন্টুর পক্ষে অংশ নেন বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়াসহ বিএনপির সমর্থক বেশ কয়েকজন আইনজীবী।
মিন্টুর মনোনয়নপত্রে তাঁর সমর্থনকারী যিনি ছিলেন, তিনি উত্তর সিটি করপোরেশনের ভোটার নন, এই ভিত্তিতে মনোনয়নপত্রটি বাতিল হয়।
শুনানিতে মিন্টুর আইনজীবী মওদুদ আহমদ বলেন, এটা সাধারণ ভুল (ইননোসেন্স মিসটেক)। নির্বাচনকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার যুক্তি দেখিয়ে তিনি আপিল গ্রহণ করার অনুরোধ জানান। মাহবুব উদ্দিন খোকনও বলেন, এটা বড় কোনো ভুল নয়, এটা ছোট ভুল। এ সময় তাঁরা বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করেন।
এ সময় বিভাগীয় কমিশনার নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বক্তব্য নেন। তাঁরা আইন ও বিধি অনুযায়ী মিন্টুর মনোনয়নপত্র যথাযথভাবে প্রতিপালন করা হয়নি বলে জানান। এ পর্যায়ে সোনালী ব্যাংকের তিনজন কর্মকর্তা জানান, জামিনদার হিসেবে মিন্টুর কাছে তাঁদের পাওনা আছে। যুক্তিতর্ক শেষে বিভাগীয় কমিশনার রায় লেখার জন্য কিছু সময় নিয়ে পরে রায় ঘোষণা করেন। রায়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল থাকে। এ সময় মিন্টুর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান।
তবে এর আগে মিন্টুর ছেলে তাবিথ আউয়াল (যিনি নিজেও মেয়র প্রার্থী) ওই কার্যালয়ের বারান্দায় প্রথম আলোকে বলেন, এটা একেবারেই সাধারণ ভুল ছিল।
মিন্টুর শুনানির রায় শেষে পিন্টুর শুনানি হয়। রাত প্রায় আটটা পর্যন্ত চলে শুনানি। শুনানিতে পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম বলেন, এর আগে এইচ এম এরশাদ, আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর সাজাপ্রাপ্ত হয়েও আপিল করে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ পর্যায়ে বিভাগীয় কমিশনার জানতে চান, সাজা স্থগিতের রায় আছে কি না। জবাবে পিন্টুর আইনজীবী বলেন, আপিল করা হয়েছে। পরে সাজা হওয়ার ভিত্তিতে পিন্টুর মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তা যে সিদ্ধান্ত দিয়েছিলেন, তা বহাল রাখেন বিভাগীয় কমিশনার।
বিডিআর হত্যাকাণ্ডের মামলায় পিন্টুর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
এর আগে আপিল শুনানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ হয়। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, তাঁর মনোনয়নপত্রে ভোটার নম্বরের জায়গায় জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া হয়েছিল। এ কারণে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। আপিল শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই বিজয়ের অনুভূতি। তিনি জানান, তিনি সম্মিলিত নাগরিক কমিটি থেকে নির্বাচন করছেন।
এ ছাড়া একজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও চারজন সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়।
এই শুনানি নিয়ে গতকাল দিনভরই সরগরম ছিল বিভাগীয় কমিশনারের কার্যালয়। যাঁদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাঁরা স্বাভাবিকভাবেই হাসিমুখে বাড়ি গেছেন। আবার যাঁদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল থেকেছে, তাঁরা মন খারাপ করে ফিরে গেছেন।