আপিলের অনুমতি, অ্যামিকাস কিউরি সাত আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অতিরিক্ত বিচারক এ বি এম আলতাফ হোসেনকে হাইকোর্টে স্থায়ী বিচারপতি নিয়োগ বিষয়ে করা দুটি রিট খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। এখন আপিলের শুনানি হবে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করেছেন। এই আইনজীবীরা হলেন: ড. কামাল হোসেন, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, আবদুল ওয়াদুদ ভূইয়া, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ ও আজমালুল হোসেন কিউসি।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, লিভ মঞ্জুরের আদেশ পাওয়া সাপেক্ষে আবেদনকারীদের সাত দিন এবং রাষ্ট্রপক্ষকে পরবর্তী ১০ দিনের মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। ২৬ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।
স্থায়ী নিয়োগ নিয়ে করা ওই দুটি রিট গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে আবেদনকারীরা পৃথক দুটি লিভ টু আপিল করেন। আবেদনের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও এম আই ফারুকী শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও সালাহউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
২০১২ সালের ১৩ জুন এ বি এম আলতাফ হোসেনসহ ছয়জনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়। শপথ নেওয়ার দিন থেকে ওই নিয়োগ কার্যকর হবে বলা হয়।