আপিলের অনুমতি পেল রাষ্ট্র ও বাদীপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় শিশু অর্ণব হত্যা মামলায় পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে রাষ্ট্র ও বাদীপক্ষ।
বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ গতকাল সোমবার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেন। একই সঙ্গে ওই পাঁচ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন। ওই পাঁচজন হলেন: খলিলুর রহমান, গোলাম ফারুক, আবদুস সাত্তার, মতিয়ার রহমান ও সুশীল কুমার রায়।
লিভ টু আপিলের ওপর গত রোববার শুনানি শেষে গতকাল ছিল আদেশের জন্য ধার্য দিন। বাদীপক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন এ এফ এম মেজবাহ উদ্দিন।
খুরশীদ আলম খান জানান, রাষ্ট্র ও বাদীপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করে পাঁচ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিরা আত্মসমর্পণ করলে তাঁদের জামিন দিতে বলা হয়েছে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের বিমল কৃষ্ণ দাসের ছেলে অর্ণব দাস। আট বছরের শিশু অর্ণবকে টিয়া পাখি দেওয়ার নাম করে ডেকে নিয়ে যান পার্শ্ববর্তী খলিসানি গ্রামের মুকুল গাজী। ২০০০ সালের ২১ জুন দুই চোখ উপড়ানো, ডান হাতবিহীন, দুই পায়ের রগ কাটা অবস্থায় অর্ণবের লাশ উদ্ধার করা হয়।
২০০৭ সালের ২৮ নভেম্বর সাতক্ষীরার তৎকালীন জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস এই মামলার রায়ে খলিলুর রহমান ও গোলাম ফারুককে মৃত্যুদণ্ডাদেশ এবং মুকুল গাজী, আবদুস সাত্তার, মতিয়ার রহমান ও সুশীল কুমার রায়কে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ২০১০ সালের ২৪ আগস্ট দেওয়া রায়ে হাইকোর্ট জামিন পেয়ে পলাতক মুকুল গাজীর যাবজ্জীবন দণ্ডাদেশ বহাল রাখেন এবং অন্য আসামিদের বেকসুর খালাস দেন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করেন।
জামায়াতে ইসলামীর তৎকালীন স্থানীয় সাংসদ রিয়াসত আলীর সুপারিশে ২০০৬ সালের ৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা বিবেচনায় খলিলুর রহমানের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল।