প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক দুটি দুর্নীতির মামলা বাতিল আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ তাঁদের করা লিভ টু আপিলের (আপিল অনুমতি চেয়ে আবেদন) শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশ দেন। তবে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিলের অনুমতি পেয়েছে। আদালতে মওদুদ আহমদ ও হাসেমের পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক ও আহসানুল করিম। মোশাররফ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন।