আপিলের অনুমতি পেলেন ১১০ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১০ বছর আগে নিয়োগ পাওয়া ১১০ জন চিকিৎসক আপিল করার অনুমতি পেয়েছেন। তাঁদের নিয়োগের বিজ্ঞপ্তি হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিলেন। এর বিরুদ্ধে তাঁরা আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করলে তা খারিজ হয়েছিল।
এই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ১১০ জন চিকিৎসক আবেদন করেছিলেন। এর ওপর শুনানি নিয়ে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আপিলের অনুমতি দিয়ে আদেশ দেন।
রিভিউ আবেদনকারীদের চার সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সময়ের পরের দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলা হয়েছে।
আদালতে চিকিৎসকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শরীফ ভূঁইয়া। বিএসএমএমইউর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও তানজিব উল আলম।
শরীফ ভূঁইয়া পরে প্রথম আলোকে বলেন, ১১০ জন চিকিৎসকের রিভিউ আবেদন গ্রহণ করে তাঁদের আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ।
বিএসএমএমইউর আইনজীবী তানজিব উল আলম প্রথম আলোকে বলেন, এই চিকিৎসকেরা এখন কোনো দায়িত্বে নেই। তবে তাঁরা কাজে যোগদান করতে পারবেন কি পারবেন না, আপিল নিষ্পত্তির মাধ্যমে সে বিষয়টি জানা যাবে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ২০০৫ সালের ১৮ অক্টোবর ‘কিছুসংখ্যক চিকিৎসক’ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ। এর সূত্র ধরে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক শ চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান। প্রাথমিক শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রুলসহ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট ওই চিকিৎসকদের নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন।