আপিলের অনুমতি পেয়েছেন শফিক রেহমান
জামিনের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য সর্বোচ্চ আদালতের অনুমতি পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন। আদালতে শফিক রেহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, শফিক রেহমানকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রয়োজন হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিতে বলা হয়েছে।
গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিনের আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে ১৬ জুন আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেন শফিক রেহমান। ১৪ জুলাই চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে এটি মামলায় রূপান্তরিত হয়। ১৬ এপ্রিল নিউ ইস্কাটন গার্ডেনের বাসা থেকে শফিক রেহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় থেকে তিনি কারাগারে আছেন।