আপিলের আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ফেলানী হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার আইনগত দিক খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইনি ধাপগুলো সম্পর্কে জানাতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার সরকারি দলের তারানা হালিমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
২০১১ সালে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী নিহত হয়। গত ৬ সেপ্টেম্বর এই হত্যা মামলার রায়ে আদালত অভিযুক্ত বিএসএফের হাবিলদার অমিয় ঘোষকে ‘নির্দোষ’ ঘোষণা করেন।
তারানা হালিমের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, ফেলানী হত্যার বিচারের রায়ের বিষয়ে বাংলাদেশ সরকারের হতাশার কথা গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। বিষয়টি এখনো বিচারাধীন এবং চূড়ান্ত রায়ের আগে মামলাটিকে আরও কয়েকটি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে দীপু মনি জানান, দুঃখজনক হলেও সত্য, অতীতের সরকারগুলোর সময়ে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জন্য ইস্যু করা এসব পাসপোর্ট বাতিল করার ক্ষেত্রে সরকার নীতিগতভাবে একমত। কিন্তু সার্বিক বিবেচনায় বিষয়টি জটিল।