আপিলের ওপর শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ আপিলের ওপর ষষ্ঠ দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ বুধবারও শুনানি হওয়ার কথা।গতকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক শুনানি করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষে নিয়োজিত আইনজীবী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।পরে আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘কোনো সাক্ষীর মূল বক্তব্য নেওয়া হয়নি। হাইকোর্ট সাক্ষীর সাক্ষ্যের ভুল ব্যাখ্যা দিয়ে আসামিদের খালাস দিয়েছেন। এ জন্য সম্পূর্ণ ন্যায়বিচারের আরজি জানিয়েছি।’ আপিলের অনুমতি পাওয়ার প্রায় দুই বছরের মাথায় গত ১৫ জানুয়ারি আপিলের ওপর শুনানি শুরু হয়। পরে আদালত ওই মাসে আরও চার দিন শুনানি গ্রহণ করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। ঘটনার পরদিন তখনকার কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিলম্বিত আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট তাঁর রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেন। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অন্য আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে। এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে হাইকোর্টের খালাস দেওয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানি চলছে।