একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন।গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ২৩০ অনুচ্ছেদ থেকে ৩৪৪ অনুচ্ছেদ পর্যন্ত পড়ে শোনান। রায়ে ৪২৯টি অনুচ্ছেদ রয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও কাদের মোল্লার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও কাদের মোল্লা আপিল করেন। ১ এপ্রিল থেকে রাষ্ট্রপক্ষ রায় উপস্থাপন শুরু করে।