আপিলের ওপর শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। গতকাল ১৮তম দিনের শুনানিতে আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বক্তব্য উপস্থাপন করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। কাদের মোল্লার পক্ষে শুনানিতে আবদুর রাজ্জাক বলেন, ট্রাইব্যুনাল ঘটনার ওপর ভিত্তি করে কাদের মোল্লাকে সাজা দেননি। আবদুল কাইউম নামের সাক্ষীর সাক্ষ্য বাদ দিলে আর কোনো ডকুমেন্ট নেই। শুধু সাক্ষী শহীদুল হক মামার শোনা কথার ওপর ভিত্তি করে সাজা দেওয়া যায় না। এদিকে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তির জন্য আইনে উল্লেখিত ৬০ দিনের সময়সীমা গতকাল অতিবাহিত হয়েছে। আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান সম্পর্কে আইনমন্ত্রী শফিক আহমেদ ইতিপূর্বে বলেছেন, ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধানটি বাধ্যতামূলক নয়। কারণ, ৬০ দিনের মধ্যে শেষ না হলে কী হবে, তা বলা নেই। এটি নির্দেশনামূলক। গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। এ আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।