আপিলের ওপর শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন সংশোধন সংবিধানবিরোধী নয়। এমনকি তা আসামিদের অধিকারও খর্ব করেনি। এ আইনকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছে।অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার কৌঁসুলি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এ সংশোধনী কিছুতেই কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। আপিল মেইনটেনেবল (আইনের আশ্রয় নেওয়া যায় এমন) নয়।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার দণ্ডের বিরুদ্ধে করা আপিলের ওপর সপ্তম দিনের শুনানিতে গতকাল সোমবার পক্ষে-বিপক্ষে এমন বক্তব্য দেওয়া হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন। আজ মঙ্গলবারও শুনানি হওয়ার কথা।গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও পরে কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানি করেন। এ সময় কাদের মোল্লার পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।শুনানিতে ট্রাইব্যুনালস আইনের সংশোধনকে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, রায় পছন্দ না হলে নিজেদের চাহিদামতো আইন সংশোধন করলে আদালতের প্রয়োজন নেই।এর আগে অ্যাটর্নি জেনারেল বলেন, কাদের মোল্লার অপরাধের গুরুত্ব বিবেচনা করতে হবে। গুরুত্ব এত বেশি যে এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। জবাবে খন্দকার মাহবুব বলেন, যুদ্ধাপরাধের বিচার একটি ঐতিহাসিক বিচার। অ্যাটর্নি জেনারেল যে বর্বরতার কথা বলেছেন, তাঁর সঙ্গে আমি একমত। এ বর্বরতার বিচারের জন্য ১৯৭৩ সালে আইন করা হয়। কিন্তু যাঁদের উদ্দেশ্যে আইন পাস করা হয়েছে, তাঁরা আজ নেই। তাঁদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আইনের একটি মূল নীতি হচ্ছে, মূল অপরাধীকে ক্ষমা করে সহযোগীদের বিচার করা যায় না। কিন্তু এখানে মূল অপরাধীদের ছেড়ে দিয়ে চুনোপুঁটিদের বিচার করা হচ্ছে। তিনি বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে রায় হয়েছে ৫ ফেব্রুয়ারি। পরে আইন সংশোধন করে সরকারকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে।মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।