আপিলের ওপর শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর গতকাল মঙ্গলবার শুনানি হয়নি। গতকালের দৈনন্দিন তালিকায় বিষয়টি ৭ নম্বর ক্রমিকে ছিল।এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, গতকাল আদালতের সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগে তালিকা অনুযায়ী মামলাটি ধরা হয়। কিন্তু অপর পক্ষ উপস্থিত না থাকায় শুনানি হয়নি।প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ গত সোমবার রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি গ্রহণ করেন। প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় পড়া শুরু করেন।গতকাল বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আজ বুধবারের কার্যতালিকায় আংশিক শ্রুত হিসেবে আপিল শুনানির জন্য ৭ নম্বর ক্রমিকে রয়েছে।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও কাদের মোল্লা আপিল করেন।