আপিলের প্রথম রায়ের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতা-বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর রায় যেকোনো দিন ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল মঙ্গলবার রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
বেঞ্চের অপর চার বিচারপতি হলেন: বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ৩৯ কার্যদিবসে এ আপিল শুনানি শেষ হলো। মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের প্রথম রায় হবে এটি। এখন অপেক্ষা রায়ের জন্য। এ রায়ের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে ৩ মার্চ আপিল করে রাষ্ট্রপক্ষ। যাবজ্জীবন সাজার বিরুদ্ধে অব্যাহতি চেয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা। ১ এপ্রিল থেকে আপিলের শুনানি শুরু হয়। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।
অবশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায় দেন চলতি বছরের ২১ জানুয়ারি। ওই রায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তবে পলাতক আযাদ আপিল করেননি।
গতকাল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘দুটি আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আদালত রায় ঘোষণার জন্য রেখেছেন, তারিখ দেননি। অর্থাৎ যেকোনো দিন রায় দেওয়া হবে। যেদিন রায় দেওয়া হবে তার আগের দিন এটি কার্যতালিকায় উঠবে। এখন রায়ের জন্য অপেক্ষা করছি।’
গতকাল সকাল সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর বক্তব্য উপস্থাপন শেষে আদালত বলেন, সিএভি রাখা হলো। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। কাদের মোল্লার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক ও খন্দকার মাহবুব হোসেন প্রমুখ। তাঁদের সহায়তা করেন আইনজীবী শিশির মুনীর।
শুনানির অংশবিশেষ: আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, কাদের মোল্লার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর পরও কেন তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, এ ব্যাপারে রায়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
কাদের মোল্লা অপরাধে জড়িত না থাকার বিষয়টিও আসামিপক্ষ প্রমাণ করতে পারেনি। অপরাধীর উপযুক্ত সাজা না হলে বিচার হয় না। তাই আপিল গৃহীত হওয়া উচিত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও বলেন, বলা হয়েছে আইন সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দেওয়ায় এর ভিত্তিতে করা আপিল অকার্যকর। সংশোধনের ফলে তাঁর (আসামির) অধিকার কোনোভাবেই খর্ব হয়নি। কাজেই এটাতে আসামির সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই। দেশীয় আইনের অধীনে বিচার হবে। এখানে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে না। সংবিধানে আইনটিকে সুরক্ষা দেওয়া হয়েছে। এটি চ্যালেঞ্জও করা যাবে না।
আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক শুনানিতে বলেন, ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায় হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি আইনে যে পরিবর্তন হয়েছে, সেটা কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই সরকারপক্ষ যে আপিল করেছে, তা বাতিলযোগ্য। সরকারের আপিল অকার্যকর। দেশীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে। তিনি বলেন, প্রসিকিউশনের মামলা খুবই দুর্বল। যেসব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে, সেসব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া অসম্ভব। তাই তাঁর খালাস পাওয়া উচিত। সরকারের আপিল বাতিল হওয়া উচিত।
আসামিপক্ষের আইনজীবী বলেন, পাঁচটি অভিযোগে তাঁকে সাজা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শোনা সাক্ষীর ওপর নির্ভর করা হয়েছে। সেই শোনা সাক্ষীর ভিত্তিতে কারাদণ্ড দেওয়া সমীচীন হয়নি।
দুটি প্রশ্ন ও অ্যামিকাস কিউরি: কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানিকালে দুটি গুরুত্বপূর্ণ আইগত প্রশ্ন ওঠায় ২০ জুন আপিল বিভাগ অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করে ৮ জুলাই মতামত দেওয়ার দিন ধার্য করেন। তাঁরা ৮ থেকে ২২ জুলাই পর্যন্ত মতামত দেন। অ্যামিকাস কিউরিরা হলেন: টি এইচ খান, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি এবং এ এফ হাসান আরিফ।
প্রশ্ন দুটি হলো—দণ্ড ঘোষণার পর আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না এবং আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না?
শুনানিতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মত দেন রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি। সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে মত দেন টি এইচ খান এবং এ এফ হাসান আরিফ।
প্রথাগত আন্তর্জাতিক আইনের প্রয়োগ প্রশ্নে রফিক-উল হকের মত, বাংলাদেশের বিচারব্যবস্থায় এবং ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে প্রথাগত আন্তর্জাতিক আইন (কাস্টমারি ইন্টারন্যাশনাল ল) প্রয়োগের সুযোগ নেই। এম আমীর-উল ইসলাম প্রথাগত আন্তর্জাতিক আইন প্রয়োগের পক্ষে মত দেন। দেশীয় ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য নয় বলে মত দেন রোকনউদ্দিন মাহমুদ।
মাহমুদুল ইসলাম বলেন, সাধারণভাবে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে না। তবে দেশীয় আইনে কোনো ধরনের অস্পষ্টতা থাকলে, শূন্যতা থাকলে অথবা ব্যাখ্যার জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক আইনের সহযোগিতা নেওয়া যেতে পারে। একই ধরনের মত দিয়ে আজমালুল হোসেন বলেন, বিচারের ক্ষেত্রে এ আইনের সঙ্গে আন্তর্জাতিক প্রথাগত আইন সাংঘর্ষিক হলে দেশীয় আইনই প্রাধান্য পাবে।
টি এইচ খানের মত হলো, প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে। তবে দেশীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইন সাংঘর্ষিক হলে সে ক্ষেত্রে দেশীয় আইন প্রাধান্য পাবে। প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে বলে মত দেন হাসান আরিফ।
ট্রাইব্যুনালের রায়: ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। পঞ্চম অভিযোগ হলো: মিরপুরের আলুব্দী গ্রামে ব্যাপক হত্যাযজ্ঞ এবং ষষ্ঠ অভিযোগ হলো হযরত আলী, তাঁর পরিবারের সদস্যদের হত্যা ও ধর্ষণ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে তাঁকে ১৫ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এসব অভিযোগ হলো: পল্লব হত্যা, কবি মেহেরুননিসা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যা। চতুর্থ অভিযোগ (কেরানীগঞ্জের ঘাটার চর ও ভাওয়াল খানবাড়ি হত্যাকাণ্ড) থেকে তিনি খালাস পান।
কাদের মোল্লার বিরুদ্ধে রায়ের পর তাঁর সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। পরে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। এই সংশোধনীর কার্যকারিতা দেওয়া হয় ২০০৯ সালের ১৪ জুলাই থেকে। আগে কোনো অভিযোগে আসামির সাজা হলে সে ক্ষেত্রে আপিলের সুযোগ ছিল না সরকারপক্ষের।
অন্যান্য রায়: ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। ১৫ জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১ এবং ১৭ জুলাই বর্তমান সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২।