আপিলের রায় রিভিউ চাইবেন মীর কাসেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চাইবেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী এই নেতার সঙ্গে আইনজীবী ছেলে মীর আহমেদ বিন কাসেমসহ পাঁচ আইনজীবী গতকাল দুপুর ১২টার দিকে দেখা করতে গেলে তিনি এই ইচ্ছার কথা জানান।
কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম চারজন আইনজীবী মতিউর রহমান আকন, মো. নাজিবুর রহমান, মো. বজলুর রহমান ও মো. নুরু উল্লাহকে সঙ্গে নিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করেছেন।
আইনজীবী মতিউর রহমান আকন বলেন, মীর কাসেম আলী তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদন করবেন। এ জন্য তিনি প্রস্তুতি নিতে বলেছেন। রায়ের সার্টিফায়েড কপির জন্য আদালতে আবেদন করা হয়েছে। রোববার তা হাতে পাওয়ার কথা।
কাশিমপুর কারাগারের জেলার মো. নাশির আহমেদ বলেন, গত ৮ মার্চ আদালত মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের আদেশ দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ৬ জুন রাতে তাঁর মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরদিন সকালে ফাঁসির সেলে তাঁকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।