আপিলের রায় জেনেছেন সাঈদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের কপি গতকাল বুধবার রাত পর্যন্ত কারাগারে পৌঁছায়নি। তবে আদেশের বিষয়টি তাঁকে জানানো হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, আপিলের রায়ে সাঈদীর সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও গতকাল রাত পর্যন্ত আদেশের কপি কারাগারে না আসায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সেলে (কনডেম সেল) ছিলেন।
কাশিমপুর কারা কর্তৃপক্ষ জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ বন্দী সাঈদীর আপিলের রায় যে গতকাল ঘোষণা করা হবে, তা গত মঙ্গলবার রাতেই তাঁকে জানিয়ে দেওয়া হয়। গতকাল আপিলের রায় ঘোষণা হওয়ার পর তাঁর মৃত্যুদণ্ড কমে আমৃত্যু কারাদণ্ড হয়েছে বলে তাঁকে বলা হয়েছে। এ কথা শুনে তিনি নামাজ পড়েন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এর কারাধ্যক্ষ আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, রাত আটটা পর্যন্ত আপিল বিভাগের আদেশ কারাগারে পৌঁছায়নি। এ কারণে তিনি এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সেলে বন্দী রয়েছেন। আদেশের কপি কারাগারে পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে আগেই গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সন্ধ্যার দিকে গাজীপুর-শিমুলতলী সড়কে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন।