মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ১৪তম দিনের মতো শুনানি গ্রহণ করেন।
গতকাল শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার অংশবিশেষ উপস্থাপন করেন। এ সাক্ষীরা হলেন এস এম আমীরুল ইসলাম, ফাতেমা বেগম, মো. নেসার, ইজাব উদ্দিন মিয়া, সাঈদ মাসুমুল কবির, মধুসূদন ঘরামী, হোসেন আলী, মোবারক হোসেন, আবেদ খান ও সাইফ হাফিজুর রহমান। পরে আসামিপক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের জবানবন্দি উপস্থাপন শুরু করেন।
এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং সাঈদীর পক্ষে আইনজীবী শিশির মুনির উপস্থিত ছিলেন। আজ বুধবারও শুনানি হওয়ার কথা।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে দণ্ড দেওয়া হয়নি। ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। ২৪ সেপ্টেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়।