আপিলের শুনানি শেষ রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি গতকাল সোমবার শেষ হয়েছে। এখন যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন। একই সঙ্গে ছয় আসামির সাজা বৃদ্ধি চেয়ে রাজীবের বাবা নাজিম উদ্দিনের করা রিভিশন আবেদনেরও শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে।

গত বছরের ৭ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি গ্রহণ শুরু হয়। নিম্ন আদালতের রায়ের ১০ মাসের মাথায় উচ্চ আদালতে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার শুনানি শুরু হয়। গতকাল ২২তম দিনে শুনানি শেষ হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম। আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান, মো. আহসান উল্লাহ, মোশাররফ হোসেন ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম।

পরে আতিকুল হক সেলিম বলেন, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুজনের মধ্যে পলাতক আসামি রেদোয়ানুল আপিল করেননি। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামি ফয়সাল বিন নাঈমসহ সাতজন আপিল করেন। ডেথ রেফারেন্সের সঙ্গে সাত আসামির আপিল, জেল আপিল এবং রাজীবের বাবার আবেদনের শুনানি শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন হাইকোর্ট।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরে ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। রাজীবের বাবা পল্লবী থানায় মামলা করেন। গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল ও ফয়সালকে মৃত্যুদণ্ড দেন। মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন, এহসান রেজা, নাঈম শিকদার ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর করে, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সাদমান ইয়াছিরকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।