আপিলের সারসংক্ষেপ আসামিপক্ষকে ১৬ মের মধ্যে জমারনির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ ১৬ মের মধ্যে জমা দিতে আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ শুনানির এ আদেশ দেন।

আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক আপিলের সারসংক্ষেপ জমা দিতে সময়ের আবেদন জানালে আদালত ১৬ মের মধ্যে তা দিতে বলেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। আদালত তাঁকে বিধান অনুযায়ী আপিলের বিষয়ে সাঈদীকে নোটিশ দিতে নির্দেশ দেন। মঙ্গলবারের মধ্যেই বিশেষ বাহক মারফত সাঈদীর কাছে নোটিশ পাঠানো হবে বলে তিনি জানান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শুনানি অব্যাহত: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর আসামিপক্ষের বক্তব্য উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল দশম দিনে আপিল বিভাগের একই বেঞ্চ শুনানি গ্রহণ করেন।