মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ ২ ডিসেম্বরের মধ্যে উভয়পক্ষকে জমা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে গত ১৫ জুলাই ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় এ দণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে গোলাম আযম ও রাষ্ট্রপক্ষ আপিল করে।
গতকাল সারসংক্ষেপ বিষয়ে আদেশের জন্য বিষয়টি আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে ছিল। আদালতে গোলাম আযমের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে গতকালও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন করে আসামিপক্ষ। আপিল বিভাগের একই বেঞ্চ এই আপিলের শুনানি গ্রহণ করেন। শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষীর জবানবন্দি উপস্থাপন শেষ করেন।