আপিলের সুযোগ নিয়ে নানা ব্যাখ্যা
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিষয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ আছে কি না, তা নিয়ে নানা ব্যাখ্যা পাওয়া গেছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ের আপিলের সুযোগ আছে। তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল তথ্য-উপাত্তের ভিত্তিতে রায় দিয়েছেন। তবে আমাদের প্রসিকিউশন যদি মনে করেন রায়ের বিরুদ্ধে তাঁদের আপিল করা প্রয়োজন, তাঁদের সেই ক্ষমতা আছে এবং আইনেও বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে লেখা আছে যে উভয় পক্ষই ইচ্ছা করলে আপিল করতে পারেন।’আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২১(২) ধারায় বলা হয়েছে, কোনো খালাসের আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবে। সে অনুসারে চূড়ান্ত রায়ে সাজাপ্রাপ্ত কোনো আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে কি না—এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আইনে বলা আছে, খালাসের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করতে পারবে। যেহেতু রায়ে ছয়টি অভিযোগের মধ্যে একটিতে খালাস দেওয়া হয়েছে, তাই ওই অভিযোগে দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এর মাধ্যমে গোটা মামলাটিই আপিল বিবেচনার আওতায় আসবে।’তবে এই মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান একাধিকবার রাষ্ট্রপক্ষকে বলেছিলেন, রাষ্ট্রপক্ষ আপিলের সুযোগ পাবে শুধু চূড়ান্ত রায়ে আসামি যদি খালাস পান। আসামি সাজাপ্রাপ্ত হলে রাষ্ট্রপক্ষের আপিলের কোনো সুযোগ থাকবে না।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এটা আইনের ব্যাখ্যার বিষয়। এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।’জানতে চাইলে ফৌজদারি আইন বিশেষজ্ঞ আনিসুল হক বলেন, ‘যে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে, তা পৃথক কোনো মামলা নয়। তবে এখানে আইনের ব্যাখ্যার বিষয় আছে। আইনে যেভাবে লেখা আছে, তাতে একটি পৃথক অভিযোগের বিরুদ্ধে আপিল করাও যেতে পারে।’আইন প্রতিমন্ত্রীর হতাশা: রায়ের প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণ অন্য কিছু আশা করেছিল। আমরা হতাশ হয়েছি।’ তিনি বলেন, রায়ে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।