আপেক্ষিকতা তত্ত্বকে পূর্ণতা দেওয়ার দাবি দুই অধ্যাপকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সেমিনারে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বকে পূর্ণতা দেওয়ার দাবি উত্থাপন করলেন দুই বাংলাদেশি অধ্যাপক। গতকাল শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব’ বিষয়ক দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের প্রায় ১৫০ জন বিজ্ঞানী ও গবেষক সেমিনারে অংশ নিচ্ছেন। সিনেট ভবনে সেমিনারের উদ্বোধন করেন রাবির উপাচার্য আবদুস সোবহান।সেমিনারে ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওসমান গনি ও পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুশফিক আহমদ আপেক্ষিকতা বিষয়ে তাঁদের আবিষ্কৃত সমীকরণগুলো গাণিতিক যুক্তির মাধ্যমে তুলে ধরেন। কয়েক মাস আগেই বিষয়টি প্রথম জানালেও তখনই তাঁরা বৃহত্তর বিজ্ঞানী মহলের নজরে আনতে এ আন্তর্জাতিক সেমিনারে এটি উত্থাপনের কথা বলেছিলেন।গতকাল দুই অধ্যাপক সেমিনারে দাবি করেন, দীর্ঘ দুই দশকের গবেষণায় যে তিনটি সমীকরণ তাঁরা আবিষ্কার করেছেন, তা আইনস্টাইনের মতবাদকে পূর্ণতা দেবে। ওসমান গনি ও মুশফিক আহমদ বলেন, আপেক্ষিকতা তত্ত্বে বিজ্ঞানী আইনস্টাইন গাণিতিক সূত্র প্রয়োগ করে শুধু একটি অবস্থাকেই দেখিয়েছেন। কিন্তু তাঁরা দুটো অবস্থানে দুটো সূত্র দেখাতে সক্ষম হয়েছেন। ওসমান গনি ও মুশফিক আহমদ জানান, তাঁরা এ-সংক্রান্ত বেশ কিছু বিকল্প তত্ত্বও বের করতে সক্ষম হয়েছেন। তাঁরা দাবি করেন, আইনস্টাইনের সূত্রের মাধ্যমে এত দিন যেসব বিষয়ের সমাধান করা যেত না এখন বিকল্প তত্ত্ব দিয়ে সহজেই তার সমাধান করা যাবে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি আবু বকর বক্তব্য দেন।