আপেক্ষিকতা তত্ত্বের অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের অসম্পূর্ণ মতবাদ সম্পূর্ণ করাসহ এ-সংক্রান্ত নতুন তিনটি সমীকরণ ও কিছু মৌলিক ধ্রুবসংখ্যা আবিষ্কারের দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞানের দুজন অধ্যাপক। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন।কৃতিত্বের দাবি তোলা অধ্যাপক দুজন হচ্ছেন, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওসমান গণি তালুকদার এবং পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুশফিক আহমেদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অধ্যাপক ওসমান গণি তালুকদার। এতে বলা হয়, ২০ বছর ধরে গবেষণা করে তাঁরা এ সাফল্য পেয়েছেন। কোনো বস্তুর গতি আলোর গতির চেয়ে বেশি হতে পারে না—সর্বজনস্বীকৃত মহাবিজ্ঞানী আইনস্টাইনের যে তত্ত্ব প্রচলিত আছে, তা ভুল বলে তাঁরা প্রমাণ পেয়েছেন। এ বিষয়ে আইনস্টাইন দিয়ে গেছেন পাঁচটি সমীকরণ এবং একটি মৌলিক ধ্রুবসংখ্যা। অধ্যাপক দুজন দাবি করেন, আইনস্টাইনের এ মতবাদ অসম্পূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরে গবেষণা করে তাঁরা নানাভাবে প্রমাণ পেয়েছেন, বস্তুর গতি আলোর গতির চেয়ে বেশি হতে পারে। এ বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ ও উপাত্তসহকারে ২০০১ সালে ওসমান গণি তালুকদার An Alternative Approach to the Relativity নামে একটি বইও প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বইটি প্রকাশ করার আগে তাঁরা উভয়েই এ বিষয়ের ওপর লেখা কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন জার্নালে প্রকাশের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু দৃশ্যত আইনস্টাইনের তত্ত্বের বাইরে যাওয়া যাবে না ভেবেই কোনো জার্নাল তাঁদের প্রবন্ধ প্রকাশ করেনি। অধ্যাপকেরা উল্লেখ করেন, বইটি প্রকাশ করার আগে ২০০১ সালের ২০ মে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া হয়, নিউট্রিনো নামের বস্তুকণিকা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতবাদ লঙ্ঘন করে, অর্থাৎ নিউট্রিনো আলোর চেয়ে বেশি বেগে চলে। তাঁরা বলেন, এ বিষয়ে তাঁদের নির্ণীত তিনটি সমীকরণের মধ্যে দুটি সমীকরণ সংবলিত একটি প্রবন্ধ গত মাসে কানাডার একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পাঠিয়েছেন, যা প্রকাশের অপেক্ষায় রয়েছে। অধ্যাপক দুজন ইউরোপের সার্ন গবেষণাগারের অতি সাম্প্রতিক এক পরীক্ষায় নিউট্রিনো যে আলোর চেয়ে বেশি বেগে চলতে পারে, তার প্রাথমিক প্রমাণ পাওয়ার উল্লেখ করেন। তাঁরা বলেন, সার্নের বিজ্ঞানীদের গবেষণার ফলাফল আমাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেই মতবাদকে সম্পূর্ণতা দেওয়া বা সম্প্রসারিত করার। এ বিষয়ে সার্নের গবেষকদল এখন পর্যন্ত কোনো সমীকরণ দাঁড় করাতে পারেনি কিংবা এ-সংক্রান্ত কোনো মৌলিক ধ্রুবসংখ্যাও নির্ণয় করতে পারেনি। দুই অধ্যাপক বলেন, আগামী ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের আয়োজন করে নতুন এ তিনটি সমীকরণ ও মৌলিক ধ্রুবসংখ্যা আবিষ্কারের বিষয় উন্মোচন করা হবে। বিজ্ঞান সম্মেলনটি আয়োজনের ব্যবস্থা করতে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানসহ জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেরা উপস্থিত ছিলেন।