আপেল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
কুমিল্লা মহানগরের ছোটরা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে আপেল (২৩) হত্যা মামলার পাঁচজন আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার সকালে মানববন্ধন হয়েছে। নগরের কুমিল্লা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সকাল ১০টায় ওই মানববন্ধন করা হয়। এতে ছোটরা এলাকার বাসিন্দারা উপস্থিত ছিল।নিহত আপেলের মা নূরজাহান বেগম, লিপি আক্তার ওই কর্মসূচিতে অংশ নেন। পরে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল হয়।এদিকে আপেল হত্যা মামলার পাঁচজন আসামি নগরের বাগিচাগাঁও এলাকার বাসিন্দা আবুল কাশেম ওরফে বিপু (২২), আবু সাঈদ ওরফে সুমন (২২), ছোটরা এলাকার অপু (২২), বাগিচাগাঁও এলাকার তারেক মাসুদ (২৩) এবং পূর্ব বাগিচাগাঁও এলাকার রাসেলকে (২৪) গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লার কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, আপেল হত্যাকাণ্ডের সময় মামলার দুজন সাক্ষী ছোটরা এলাকার সজীব ও হেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই কারণে ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করেন আদালত। জবানবন্দি দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। জবানবন্দিতে ওই পাঁচজন আসামি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে তাঁরা স্বীকার করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, আসামিদের গ্রেপ্তারে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে।স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত সোমবার দুপুরে কুমিল্লা সরকারি কলেজের ফটকের ভেতর ছোটরা এলাকার বাসিন্দা আপেলকে ছুরিকাঘাতে হত্যা করেন বখাটেরা।