আপ্যায়নে অংশ নিয়ে আয়োজকদের আটক
রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তোরাঁয় আজ বৃহস্পতিবার দুপুরে মতবিনিময় সভার আয়োজন করেছিল ইসলামী সমাজ। মতবিনিময় সভা শেষে চলে আপ্যায়ন। পুলিশও আপ্যায়ন পর্বে অংশ নেয়। এরপর আয়োজক সংগঠনের আমির হুমায়ন কবীরসহ সাতজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ দুপুর ১২টার দিকে সেগুন রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী সমাজ। মতবিনিময় শেষে আগতদের আপ্যায়ন করা হয়। ওই আপ্যায়নে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এম জলিলসহ পুলিশের সাত সদস্য অংশ নেন। খাওয়া শেষে বেলা সোয়া দুইটার দিকে ইসলামী সমাজের আমির হুমায়ন কবীরসহ সাতজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ওসি এম জলিল বলেন, ‘পুলিশকে আগে থেকে কোনো কিছু না জানিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী সমাজ। সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের জানা নেই। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে।’