আপৎকালীন খাদ্য মজুত কমছে
সরকারি আপৎকালীন খাদ্য মজুতের পরিমাণ কমে গেছে। এই মজুত ৮ থেকে ১০ লাখ টন হওয়ার কথা। কিন্তু বর্তমানে আছে সাড়ে ৬ লাখ টনের মতো।
খাদ্য মজুতের পরিমাণ কমে যাওয়ায় বন্ধ করে দিতে হয়েছে গরিব মানুষের জন্য খোলাবাজারে কম দামে চাল কেনার একমাত্র কর্মসূচি ওএমএস। গত ১২ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের এক আদেশে আপৎকালীন মজুত নিশ্চিত করার স্বার্থে ওএমএস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে সরকারের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রি কর্মসূচি অব্যাহত আছে। এই দুই কর্মসূচি নিয়ে নানা অনিয়মের অভিযোগ আছে।
শুধু খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে সাড়ে চার লাখ টন চাল বিতরণ হয়েছে। এই কর্মসূচির দুই লাখ সুবিধাভোগীর কার্ড ভুয়া প্রমাণিত হয়েছে। এসব কার্ড বাতিলও করা হয়েছে। এদিকে খাদ্য অধিদপ্তরের আপত্তি সত্ত্বেও সরকারের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ চালু রাখার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য অধিদপ্তর এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত চাল ও গমের সম্ভাব্য চাহিদা ও বিতরণের একটি হিসাব তৈরি করেছে। তাতে মোট চাহিদা দাঁড়ায় ১০ লাখ ৭৫ হাজার টন। এ সময় পর্যন্ত চাল ও গমের মজুত দাঁড়াবে ১৪ লাখ ৫০ হাজার টন। ফলে চাহিদা ও বিতরণের পর মজুতের পরিমাণ দাঁড়াবে মাত্র ৩ লাখ ৭৫ হাজার টন।
এ ব্যাপারে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা খুব দ্রুত ওএমএস চালু করার জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছি। খাদ্য মজুত বাড়াতে আমনে সংগ্রহ বাড়ানোরও চিন্তা করছি।’
>যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মজুত বাড়াতে হবে। আর ১০ টাকার চাল যদি বিক্রি করতেই হয় তাহলে তা নিয়মিত সরকারি মজুত থেকে না নিয়ে ভিন্ন কোনো উৎস থেকে নেওয়া উচিত। কে এ এস মুর্শিদ মহাপরিচালক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান
সরকারি বর্তমান মজুতকে দেশের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয় উল্লেখ করে অর্থনীতিবিদেরা বলেছেন, জরুরি ভিত্তিতে খাদ্য মজুত বাড়াতে হবে। নয়তো যেকোনো উদ্ভূত পরিস্থিতি সামলানো সরকারের জন্য কঠিন হয়ে যাবে। এদিকে দেশে গরিব মানুষের খাদ্য মোটা চালের দাম বাড়তির দিকে। মোটা চালের কেজি ৩৮ টাকায় উঠেছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে গত এক বছরে মোটা চালের দাম প্রায় ১১ শতাংশ বেড়েছে। সরু ও মোটা চালের দর বেড়েছে ৭ থেকে ৯ শতাংশ। সরু চাল বাজারে বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৬০ টাকা কেজিতে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক কে এ এস মুর্শিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দেশে আপৎকালীন পরিস্থিতি ও জরুরি প্রয়োজনে ৮ থেকে ১০ লাখ টন চাল মজুত থাকা প্রয়োজন। ফলে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মজুত বাড়াতে হবে। আর ১০ টাকার চাল যদি বিক্রি করতেই হয় তাহলে তা নিয়মিত সরকারি মজুত থেকে না নিয়ে ভিন্ন কোনো উৎস থেকে নেওয়া উচিত।
‘খাদ্য মজুত কিছুটা কম’—এ মন্তব্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, আমনে যে চাল আসবে, তা দিয়ে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো চালানো যাবে। চালের দাম বেড়ে যাওয়াকে ইতিবাচক হিসেবে মনে করে তিনি বলেছেন, এতে কৃষক ধানের দাম ভালো পাচ্ছেন। মার্চ ও এপ্রিলে ১০ টাকার চাল বিতরণ কর্মসূচির সুবিধাভোগী ও ডিলারের তালিকা ডিজিটাল করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে অনলাইনে সব তথ্য পাওয়া যাবে। ফলে আর কোনো দুর্নীতির আশঙ্কা নেই।
এদিকে ওএমএস কর্মসূচির আওতায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে শুধু আটা বিতরণ চলছে। ডিলাররা চাল ছাড়া শুধু আটা বিক্রি করতে আপত্তি জানিয়ে খাদ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছেন। তাঁদের দাবি, প্রতি ট্রাকে দুই মেট্রিক টন আটা বিক্রি করে একজন ডিলার দুই হাজার টাকা কমিশন পান। আর একটি ট্রাক ব্যবস্থাপনায় দৈনিক খরচ সাড়ে তিন হাজার টাকা। এ কারণে তাঁরা আটা বিক্রি বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন।
ফলে ওএমএসের চালের পর এখন আটা বিক্রিও বন্ধ হওয়ার পথে। এই যখন পরিস্থিতি, তখন ১০ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি ও সরকারি কর্মচারীদের ১৫ টাকায় চাল বিতরণ কর্মসূচিতে সরকারের প্রায় পাঁচ লাখ টন চাল বিতরণ হয়ে গেছে। এতে সরকারের মজুত পরিস্থিতিতে এরই মধ্যে টান পড়েছে।
গত বছর একই সময়ের তুলনায় সরকারি গুদামের মজুত প্রায় ৬০ শতাংশ কমে গেছে। ২০১৫ সালে ডিসেম্বরের শেষে সরকারি গুদামে খাদ্য মজুত ছিল প্রায় ১৬ লাখ টন। ২০১৬-এর ডিসেম্বরে তা হয়েছে ৬ লাখ ৫৮ হাজার টন।