আফগানিস্তানে অপহৃত দুই ব্র্যাক কর্মকর্তা মুক্ত
আফগানিস্তানে অপহরণের ১৮ দিন পর বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তা শওকত আলী (৫২) ও সিরাজুল ইসলাম (৩৫) আজ সোমবার অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর তাঁরা ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে ফিরেছেন।
কাবুল থেকে ব্র্যাকের এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক জালাল উদ্দিন আহমেদকে উদ্ধৃত করে সংস্থাটি আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
জালাল উদ্দিন আহমেদ জানান, ‘আলোচনার ভিত্তিতে স্থানীয় শূরা কাউন্সিলের সহায়তায় দুই সহকর্মী আমাদের মাঝে ফিরে এসেছেন। তাঁরা পাবনায় নিজেদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন।’
ব্র্যাকের আফগানিস্তান শাখার প্রকৌশল বিভাগের কর্মকর্তা শওকত আলী ও হিসাবরক্ষণ বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম গত ১৭ মার্চ কুন্দুজ প্রদেশে মাঠ পর্যায়ের নিয়মিত পরিদর্শন শেষে বাগলান প্রদেশের দপ্তরে ফেরার পথে অপহৃত হন। অজ্ঞাতনামা বন্দুকধারীরা গাড়ি থামিয়ে তাদের অপহরণ করে।
ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ফারুক আহমেদ জানান, ‘প্রথম থেকেই দুই সহকর্মীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল। তা সম্ভব হওয়ায় ব্র্যাক পরিবার খুবই আনন্দিত। এ ব্যাপারে আমাদের সব রকম সহযোগিতার জন্য দুই দেশের সরকার, কুন্দুজ ও বাগলান প্রদেশের গভর্নর, পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই।’