আফগানিস্তানে ক্যাম্পে হামলা বাংলাদেশি প্রকৌশলী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তরাঞ্চলে নির্মাণকর্মীদের একটি ক্যাম্পে হামলা চালিয়ে এক বাংলাদেশি প্রকৌশলী হত্যা এবং দুজনকে অপহরণ করেছে অপহরণকারীরা। গতকাল শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানালেও নিহত প্রকৌশলীর পরিচয় জানাতে পারেননি। নিহত ও অপহূত ব্যক্তিরা দক্ষিণ কোরীয় একটি কোম্পানিতে কাজ করতেন। কাবুলে দেশটির দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। সেখানকার এক কর্মকর্তা বলেছেন, তাঁদের কাছে তথ্য আছে, ঘটনার শিকার সাতজনের সবাই বাংলাদেশি। তাঁদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। খবর এএফপির।বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র সিরজান দুরানি বলেন, আফগানিস্তান ও বাংলাদেশের সাতজন সড়ক নির্মাণকর্মীকে শুক্রবার রাতে অপহরণ করা হয়েছে। তাঁদের মধ্যে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। চারজন কর্মী পালাতে সক্ষম হয়েছেন। অপর দুজন এখনো অপহরণকারীদের হাতে জিম্মি আছেন।পুলিশের মুখপাত্র আরও জানান, যাঁরা এখনো জিম্মি, তাঁরা কোন দেশের নাগরিক, তা স্পষ্ট নয়। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার কোনো নাগরিক এ ঘটনার শিকার হননি। এ ঘটনার পর কোম্পানিটি তাদের কর্মীদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।একজন স্থানীয় কর্মকর্তা জানান, বন্দুকধারীরা রাস্তা নির্মাণ ক্যাম্পে হানা দিয়ে এক বাংলাদেশিকে তাৎক্ষণিকভাবে হত্যা করে এবং এরপর অন্যদের অপহরণ করে নিয়ে যায়।উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগান ও বালখের মধ্যে নির্মাণাধীন একটি সড়কে এই অপহরণের ঘটনা ঘটে। এ অঞ্চলে তালেবান জঙ্গিদের হাতে প্রায়ই সাধারণ মানুষ অপহরণের শিকার হয়। তবে মুক্তিপণের জন্য কোনো অপরাধী চক্রও এ ঘটনা ঘটাতে পারে।আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরু পর অপরাধী চক্র ও তাদের বিদ্রোহীরা বহু বিদেশিকে অপহরণ করে। পরে অবশ্য বেশির ভাগই মুক্তি পায়। গত অক্টোবর মাসে উত্তর আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় একজন ডাচ সাহায্যকর্মী ও তাঁর গাড়িচালককে বন্দুকের মুখে অপহরণ করা হয়। গত ২ ডিসেম্বর ডাচ সরকার জানায়, অপহূত ব্যক্তিরা মুক্তি পেয়েছেন।